জাপানের জন্য করোনাভাইরাসের ৯ কোটি ডোজ ভ্যাকসিন বানাবে ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। জাপানের এক উচ্চপদস্থ সরকারি মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। দেরি করে শুরু করা ভ্যাকসিন কার্যক্রমে জাপান ভ্যাকসিনের যথেষ্ট পরিমাণ ডোজ নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ার মধ্যে দেশটি এই সিদ্ধান্ত নিল। খবর রয়টার্স।
সামনের সারির স্বাস্থ্যকর্মীদের ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে জাপান। বিদেশি ভ্যাকসিন নির্মাতাদের ওপর নির্ভরশীলতা ও ভ্যাকসিনের ট্রায়াল স্থানীয় পর্যায়ে হওয়ার আবশ্যিকতার কারণে ভ্যাকসিন কর্মসূচী শুরু করতে দীর্ঘ অর্থনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে জাপান।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ১২ কোটি ভ্যাকসিন কেনার ব্যবস্থা করেছে দেশটি। এর মধ্যে ৯ কোটি ডোজ জাপানেই তৈরি হবে এবং বাকি ডোজ আমদানি করা হবে বলে গতকাল জানিয়েছে দেশটির সর্ববৃহৎ পত্রিকা নিক্কেই।
আগামী জুলাইতে টোকিওতে অনুষ্ঠিতব্য সামার অলিম্পিককে সামনে রেখে বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রয়োগের যে পরিকল্পনা জাপান করেছে, তা দীর্ঘ আনুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে সফল করা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম