রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার বিকেলে তারার মেলা বসেছিল। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির ছিলেন অতীত-বর্তমান সময়ের ক্রীড়া তারকা, সংগঠক, সাংবাদিক, রাজনীতিবিদ থেকে শুরু করে বিনোদন জগতের মানুষরাও। জমকালো সেই আয়োজনে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা যথাক্রমে ২০১৫ ও ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন।
প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।
২০১৫ সালে সেরা ক্রীড়াবিদের দৌড়ে আরো ছিলেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। কিন্তু তাদের টপকে সেরা হলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ। মাহমুদউল্লাহ ২০১৫ সালের সেরা ক্রিকেটারের পুরস্কার গ্রহণ করেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের হাত থেকে। সেরা দাবাড়ু– ফাহাদ রহমানের পক্ষে তার ভাই পুরস্কার নেন। এছাড়া সেরা আর্চার তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের পক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থেকে পুরস্কার নেন। প্রয়াত আমিনুল হক মনির পক্ষে বিশেষ সম্মাননা নিয়েছেন তার ভাই মোজাম্মেল হক মুক্তা।
অন্যদিকে ২০১৬ সালে সেরার লড়াইয়ে ছিলেন তামিম ইকবাল ও আশরাফুল ইসলাম এবং মাহফুজা খাতুন শিলা। এই ত্রিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয় মাহফুজা খাতুন শিলার। সে বছর ভারতে এসএ গেমস থেকে দুটি সোনা জিতেছিলেন শিলা। সেরা ক্রিকেটার তামিম ইকবাল, সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, সেরা শ্যূটার শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড় সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পুরস্কার পেয়েছেন। উদীয়মান নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী সরকার, সেরা কোচ গোলাম রব্বানী ছোটন। সেরা সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। সেরা সংস্থা বাংলাদেশ নৌ বাহিনী।
দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেলেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডকে ঘিরে এই তারার মেলায় সোমবার উপস্থিত ছিলেন- ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ক্রিকেট বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক ফুটবলার ও ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, সহ সভাপতি বাদল রায়, কায়সার হামিদ, দাবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, নারীদের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামালসহ অনেকেই।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম