মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হয়েছেন পাহাং রাজ্যের রাজা সুলতান আবদুল্লাহ। বৃহস্পতিবার বিভিন্ন রাজপরিবারের প্রধানরা ভোট প্রদান করে তাকে নতুন রাজা হিসেবে নির্বাচিত করেন। এর আগে রুশ সুন্দরীকে বিয়ের পর সুলতান মুহাম্মদ পঞ্চম সিংহাসন ত্যাগ করলে রাজার পদ খালি হয়ে যায়। খবর বিবিসি।
খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় মোট নয়টি রাজপরিবার রয়েছে। তারা এক যৌথ অধিবেশনে ভোট প্রদানের মাধ্যমে রাজা নির্বাচিত করেন। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাজা হিসেবে মেয়াদ পূর্তির তিন বছর আগেই পদত্যাগ করেন সুলতান মুহাম্মদ পঞ্চম। ধারণা করা হচ্ছে, রুশ সুন্দরীকে বিয়ের পর সমালোচনা এড়াতেই তিনি এ পদত্যাগের পথ বেছে নিয়েছেন।
নির্বাচিত সুলতান আবদুল্লাহ আগামী ৩১ জানুয়ারি দেশটির রাজা হিসেবে শপথ নেবেন। এর আগে চলতি মাসের শুরুতে তিনি পাহাং রাজ্যের রাজার আসনে বসেন। সুলতান মুহাম্মদ পঞ্চম সিংহাসন ত্যাগ করলে ছেলেকে দেশটির রাজা হিসেবে নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করতেই অসুস্থতার কথা বলে সুলতান আবদুল্লাহকে পাহাং রাজ্যের রাজার আসন ছেড়ে দেন তার বাবা।
গত বছরের নভেম্বরে সদ্য সাবেক রাজা সুলতান মুহাম্মদ চিকিৎসা ছুটিতে ইউরোপে যান। সেখানে থাকার কিছুদিন পর রাশিয়ার রাজধানী মস্কোতে সাবেক রুশ সুন্দরী ‘মিস মস্কো-২০১৫’ ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে রাজা মোহাম্মদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর এরই প্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম