বেশ কিছুদিন ধরেই মুম্বাই সিনেপাড়ায় ভাসছিল গুঞ্জন; গোপনে বাগদান সেরে এবার নাকি মালাবদলের আয়োজন করছেন প্রেমিক জুটি দিপিকা পাড়ুকোন ও রানভির সিং। এবার সব গুজবকে উড়িয়ে দিলেন দিপিকা নিজেই; বললেন খুব শিগগিরই সিঁথিতে সিঁদুর পরার ইচ্ছে নেই তার। সম্প্রতি গুঞ্জন উঠেছিলো রানভির এবং দিপিকা গোপনে আংটি বদল করে পরিবারসহ ছুটি কাটাতে গেছেন ভারতের বাইরে। এবং সেখানেই চলছে তাদের বিয়ের যাবতীয় পরিকল্পনা। অনেকদিন ধরেই এসব গুজব গণমাধ্যমে ভাসলেও এই এতদিন ব্যাপারে মুখ খোলেননি দিপিকা।
তবে এবার আর পারলেন না চুপ থাকতে। ডিজাইনার মানিশ মালহোত্রার ফ্যাশন শোতে এনডিটিভির এক সাংবাদিকের ‘বিয়ে করছেন কবে?’ প্রশ্নের উত্তরে দিলেন কড়া জবাব। দিপিকা বলেন, “আমার মনে হয় এই ব্যাপারটা খোলাসা করার সঠিক মুহূর্ত এটাই; এরকম কোন পরিকল্পনা আমার নেই। আমি গর্ভবতী নই, কারো বাগদত্তা নই, বিবাহিতও নই। আর খুব তাড়াতাড়ি বিয়ের কোনো ইচ্ছেও নেই।”
ডিজাইনার মনিশ মালহোত্রার পোশাক নিয়ে আয়োজিত ‘এফডিসিআই ইন্ডিয়া কটুওর উইক ২০১৬’-তে শো স্টপার হিসেবে হেঁটেছেন দিপিকা। সেখানেই সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। ফ্যাশন শোটিতে দিপিকা সেজেছিলেন বধূর বেশে। গাঢ় লাল লেহেঙ্গা, চোখে কাজল, আর জমকাল সাজে তিনিই কেড়ে নিয়েছিলেন সব আলো। আর তাই বিয়ের ব্যাপারে আগ্রহ না থাকলেও , “ সব মেয়েই চায় তাকে বউয়ের সাজে সবচেয়ে সুন্দর দেখাক।”
২০১৭-র জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে দিপিকা অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’।সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার ট্রেইলার। সেখানে ভিন ডিজেলের পাশে দিপিকার মারকুটে পশ্চিমা অবতার তাক লাগিয়ে দিয়েছে সবার। সঞ্জয় লিলা ভানসালির পরবর্তী ছবি ‘পাদমাভাতি’তে নামভূমিকায় অভিনয় করছেন দিপিকা। সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম