নিজের স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার (২৮ আগস্ট) সংবাদ সম্মেলনে করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এমন খবর দিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ আগস্ট সকালে রাজধানী টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন ৬৫ বছর বয়সী শিনজো আবে। তিনি দীর্ঘদিন ধরেই আলসেরাটিভ কোলাইটিসে (পাকস্থলির ঘা) ভুগছেন। একই কারণে ২০০৭ সালেও প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন তিনি।
দেশটির সরকারি প্রচারমাধ্যম এনএইচকের বরাত দিয়ে বিবিসি বলছে, তার অসুস্থতার কারণে সরকার পরিচালনায় যেন সমস্যা তৈরি না হয় তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত মাসে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় রক্তবমি করেছিলেন উল্লেখ করে একটি সংবাদ সাময়িকীতে খবর প্রকাশিত হওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়তে শুরু করে। সরকারের পক্ষ থেকে অবশ্য প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত সমস্যায় ভোগার বিষয়টি অস্বীকার করা হয়েছিল।
রয়টার্সের খবরে বলা হয়েছে, টোকিওর কেইও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম