কভিড-১৯ মহামারির ধাক্কা সামলাতে মালয়েশিয়ার প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ ৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল মালয়েশিয়ার সরকার বলেছে, যেসব দেশে এখন পর্যন্ত দেড় লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, সেসব দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: কিয়োডো নিউজ।
দেশটিতে বিদেশফেরতদের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার এ তালিকায় যুক্ত করা হয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না। এর আগে মঙ্গলবার ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকদের ওপর একই ধরনের প্রবেশ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মালয়েশিয়া।
বিদেশি নাগরিকদের নিষিদ্ধ করার এ তালিকা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, আমরা উচ্চঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।
তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে এবং দ্বিপক্ষীয় সরকার-সম্পর্কিত বিষয়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এ জন্য অভিবাসন বিভাগের অনুমতির দরকার হবে।
দীর্ঘমেয়াদি অভিবাসন পাস হোল্ডার, যেমন স্থায়ী বাসিন্দা, মালয়েশীয় নাগরিকদের বিদেশি স্বামী বা স্ত্রী এবং সরকারের বিশেষ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রবাসী কর্মসূচির আওতায় যারা আছেন, তারাও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম