সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ৮ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সৌদি আরবের একটি আদালত।
সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।
সৌদি পাবলিক প্রসিকিউটর অভিযুক্ত পাঁচজনকে ২০ বছরের সাজা দেয়। বাকি তিনজনকে দেয়া হয় ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড।
ডিসেম্বরে পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছিল সৌদি আদালত। বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
এরপর মে মাসে খাশোগির ছেলেরা জানান, বাবার হত্যাকারীদের তারা ক্ষমা করে দিয়েছেন, যার ফলে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেল অভিযুক্তরা এবং তাদের সাজা কমানো হলো।
গত বছর অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি যুবরাজের মিডিয়া উপদেষ্টা সাউদ আল-কাহতানি এবং গোয়েন্দা সংস্থার উপ-প্রধান মেজর জেনারেল আহমেদ আসিরিকে চাকরিচ্যুত করে সৌদি কর্তৃপক্ষ।
তবে খাশোগিকে হত্যাকাণ্ডে সাউদ আল-কাহতানির দিকে বারবার আঙুল উঠলেও শেষপর্যন্ত তাকে অভিযুক্ত করা হয়নি। ডিসেম্বরেই অভিযোগ থেকে তাদের রেহাই দেয়া হয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জামাল খাশোগি। গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের এই কলামিস্ট।
শুরুতে তাকে হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করে সৌদি। তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাশোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।
পরবর্তীতে তুরস্কের তদন্তে বেরিয়ে আসে মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রতিবেদনেও একই বিষয়টি উঠে আসে।
যদিও ঘটনার সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে বারবার দাবি করে রিয়াদ।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম