এবার আর গানের ফাঁকে নয়, দুই ঘণ্টা শুধু আইয়ুব বাচ্চুর গিটার শুনবেন শ্রোতারা। ২৪ মার্চ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামে এই গিটার শো অনুষ্ঠিত হবে। আইয়ুব বাচ্চু তাঁর এই গিটার শো নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন। সেখানে তিনি অনুষ্ঠানের একটি পোস্টার আপলোড করেছেন।
অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, ভক্তদের জন্য এমন একটি গিটার শোর আয়োজন করবেন আইয়ুব বাচ্চু। ভক্তদের কাছ থেকে অনুরোধও ছিল। সে কথা রাখতেই আইয়ুব বাচ্চু আসছেন তাঁর প্রথম গিটার শো নিয়ে। গিটারের পাশাপাশি অনুষ্ঠানে আসা দর্শকেরা আইয়ুব বাচ্চুর কণ্ঠে জিমি হেনড্রিক্স ও ডিপ পার্পলের দুটি গান শুনতে পাবেন। আইয়ুব বাচ্চু বলেন, ‘দেশের বাইরে অনেকেই গিটার শো করে থাকেন। আমাদের দেশে এ ধরনের শো খুব একটা হয় না। ভক্তদের অনুরোধ ছিল, আমারও একটা তাড়না ছিল। এ থেকেই শুধু গিটার নিয়ে লাইভ কনসার্টের পরিকল্পনাটা করেছিলাম।’
এবার শুধু ঢাকায় হলেও সামনের দিনগুলোতে দেশের আরও ছয়টি বিভাগে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
সাউন্ড অব সাইলেন্স শুরু হবে সন্ধ্যায়। অনুষ্ঠানটির আয়োজক উইজার্ড শোবিজ, ডিজে প্রো ও এবি কিচেন। টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
সূত্র: ইন্টারনেট
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম