ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নতুন নির্বাচন দেওয়ার জন আট দিনের আল্টিমেটাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তিন প্রভাবশালী দেশ জার্মানি, ফ্রান্স ও স্পেন। তারা জানিয়েছে, আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়া না হলে নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ দাবি করা এবং একইসঙ্গে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বীকৃতি দেওয়া বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। খবর আল জাজিরা।
ইতোমধ্যেই জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের পরপরই স্বীকৃতি দিয়েছে কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনাসহ কয়েকটি দেশ। বিপরীতে মাদুরোর পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, মেক্সিকোসহ অন্য কয়েকটি দেশ। এর মধ্যেই নতুন নির্বাচন দেওয়া না হলে যুক্তরাষ্ট্রের মতো একই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে জার্মানি, ফ্রান্স ও স্পেন।
টুইটারে দেওয়া এক পোস্টে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, লাতিন আমেরিকার প্রতি স্পেনের দায়িত্ব আছে। আমাদের লক্ষ্য সরকার পরিবর্তন বা সরিয়ে দেওয়া নয়। আমরা ভেনেজুয়েলায় গণতন্ত্র এবং অবাধ নির্বাচন চাই। আর সেজন্য ৮ দিনের মধ্যে যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেবে স্পেন।
প্রায় একই ধরনের বিবৃতি দিয়েছে ফ্রান্স ও জার্মানিও। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ভেনেজুয়েলার নির্বাচনকে ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মাদুরো দেশটির ‘বৈধ নেতা নন’।
২০১৯ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নিকোলাস মাদুরো। তবে দেশটির বিরোধী দলসহ আন্তর্জাতিক সম্প্রদায় এ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম