কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। অনেকটা এলেন দেখলেন জয় করলেন-এর মতোই কানের রেড কার্পেটে আরও একবার হাজারো ক্যামেরার আলো ঝলসে উঠল অ্যাশের আগমনে। মাইকেল সিনচোর ডিজাইন করা হালকা নীল রঙের গাউনে ঐশ্বরিয়ায় সম্মোহন এখনও কাটিয়ে উঠতে পারেনি কান। অনেকটা সিনড্রেলার মতোই দেখাচ্ছিল তাকে। ফটোগ্রাফারদের অনুরোধে রেড কার্পেটে অনেক্ষণ ধরে চলে ফটো শুট।
মাইকেল সিনচোর বলেন, ‘সিনড্রেলাই ঐশ্বরিয়া, অভাব শুধু একপাটি কাঁচের জুতো আর প্রিন্স চার্মিংয়ের।’ ৪৩ বছরের নায়িকার এই নিয়ে ১৬ বার কান ফিল্ম ফেস্টিভালে যোগ দিলেন। তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড ল‘অরিয়েল প্যারিসের মডেল হিসেবেও কান ফিল্ম ফেস্টিভালে তার যোগদান। প্রথম দিনে তিনি পরেছিলেন সবুজ রঙের একটি লেয়ার ড্রেস। দ্বিতীয় দিনে তিনি পরেছিলেন ঘিয়ে রঙের এমব্রয়ডারি করা একটি গাউন। টুইটারে অ্যাশের সেই মোহময়ী ছবি পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তিন দিন ধরে কানের যাবতীয় আকর্ষণ এখন অ্যাশকে ঘিরে। এ বছর আবারও পরিচালক সঞ্জয় লীলা বানশালীর অ্যাশ এবং শাহরুখ অভিনীত দেবদাস ছবিটি দেখানো হবে। এর আগে দীপিকা পাড়ুকোনকেও দেখা গিয়েছে কান ফিল্ম ফেস্টিভালে। অবশ্য ঐশ্বরিয়ার আসার আগেই তিনি কান ছেড়েছেন। এসেছিলেন মল্লিকা শেরাওয়াত, শ্রুতি হাসান, নন্দিতা দাস এবং এ আর রহমানও। রোববার সোনম কাপুরের আসার কথা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম