সীমান্ত দেয়াল বানানো নিয়ে নতুন উত্তেজনার মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহের নির্ধারিত বৈঠক বাতিল করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো। বৃহস্পতিবার এক ট্যুইট বার্তায় পেনা নিয়েতো বলেন, “আমরা হোয়াইট হাউজকে জানিয়ে দিয়েছি যে, আমি আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছি না।”
এর আগে এদিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ট্যুইটে বলেছিলেন, মেক্সিকো দেয়াল বানানোর খরচ দিতে না চাইলে বৈঠক বাতিল করা উচিত। তিনি বলেন, “মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ৬ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি আছে। নাফটা’র (মেক্সিকো ও কানাডার সঙ্গে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি) শুরু থেকেই এটি একটি একপাক্ষিক চুক্তি… এতে আমেরিকার অনেক চাকরি খোয়া গেছে এবং কোম্পানির ক্ষতি হয়েছে। মেক্সিকো অতি জরুরি সীমান্ত দেয়াল বানানোর খরচ দিতে না চাইলে আসন্ন বৈঠক বাতিল করাটাই ভাল হবে।”
তবে ট্রাম্পের এই ট্যুইট আসার আগে থেকেই প্রাচীর তৈরির প্রতিবাদে তার সঙ্গে বৈঠক বাতিলের জন্য দেশের ভেতরে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতোর ওপর চাপ বাড়ছিল। বৈঠক বাতিলের ব্যাপারে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সিয়ান স্পাইসার বলেন, “আমরা আগামীতে আরেকটি দিন নির্ধারণের চেষ্টা করব। যোগাযোগের পথটি আমরা খোলা রাখব।”
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘বিশাল ও দুর্গম’ প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে বুধবার সই করেন ট্রাম্প।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম