চলতি বছরের জানুয়ারিতে আকস্মিক ভাবেই মহেন্দ্র সিংহ ধোনি জানিয়েছিলেন, ভারতের হয়ে তিনি ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলকে আর নেতৃত্ব দেবেন না। এরপর কেটে গেছে অনেকগুলো মাস। ধোনির অবসরকে কেন্দ্র করে এতদিন পর মুখ খুললেন এম এস কে প্রসাদ। ধোনির আকস্মিক সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মহলে চলেছে জল্পনা, উঠে এসেছে পাঁচমেশালি তথ্য। এমনকী এও এক সময়ে শোনা গিয়েছিল যে, তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তবে এ সব বক্তব্যের কোনও প্রমাণ পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে এ বার মুখ খুললেন ভারতীয় জাতীয় দলের প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি প্রসাদ জানিয়েছেন, এই খবরের কোনও সত্যতা নেই। তাঁর কথায়, ‘অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ধোনির উপর কোনও চাপই ছিল না। এটা সম্পূর্ণই তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে, তখন গুজরাট আর নাগপুরের মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলা চলছিল। সেই সময়েই ও আমায় ওর সিদ্ধান্তের কথা জানায়। তাই ও যখন অফিশিয়ালি এই সিদ্ধান্তের কথা সকলের সামনে আনে, আমি বিন্দুমাত্র অবাক হইনি।’ তিনি আরও বলেন, ‘ধোনি এক জন অত্যন্ত সৎ মানুষ। দেশের প্রতি ওর অবদানের জন্য ওকে ধন্যবাদ জানাই। তবে মনে রাখতে হবে, এখানেই ওর কাজ শেষ হয়নি। কোহলিকে গাইড করার কাজটাও ওকেই করতে হবে।’
সূত্র: ইন্টারনেট
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম