পরবর্তী জাতীয় নির্বাচন যাদের নেতৃত্বে পরিচালিত হবে, সেই নির্বাচনের কমিশনের সদস্যরা শপথ নেবেন আগামী ১৫ ফেব্রুয়ারি। প্রধান বিচারপতি এস কে সিনহা ওই দিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, “মঙ্গলবার প্রধান বিচারপতির সম্মতি নিয়ে শপথের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে।” সাবেক সচিব কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনে সদস্য হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
সার্চ কমিটির ১০টি নামের সুপারিশ থেকে সোমবার এই পাঁচজনকেই নতুন ইসির জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগ রাতেই প্রজ্ঞাপন জারি করে। ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে ৯ ফেব্রুয়ারির পর যে কোনো দিন নতুন কমিশনের সদস্যদের শপথ অনুষ্ঠান করার অনুরোধ জানিয়েছিলেন তারা।
এর ভিত্তিতে প্রধান বিচারপতি ১৫ ফেব্রুয়ারি নতুন ইসির শপথ পড়াতে সম্মতি দেন বলে ইসি সচিবালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. শাহজাহান জানান।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম