পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। শেহওয়ান এলাকার বিখ্যাত লাল শাহবাজ কালান্দার মাজারে এই হামলার দায় স্বীকার করে আমাক নিউজ এজেন্সিতে বিবৃতি দিয়েছে আইএস। বৃহস্পতিবার সন্ধ্যায় শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ের কাছে ওই মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে।
লাল শাহবাজ কালান্দার পাকিস্তানের সবচেয়ে সম্মানীয় সুফি মাজার। বিশেষ পবিত্র হিসেবে সাধারণত বৃহস্পতিবার স্থানীয় সুফি সাধক ও ভক্তরা মাজারটিতে জড়ো হন। আর সেই সময়টিতেই আত্মঘাতী হামলাটি হয়। বোমা বিস্ফোরণের পর অনেককেই রক্তাক্ত অবস্থায় প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। সিন্ধু পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সাব্বির সেথার সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্থানীয় একটি হাসপাতাল থেকে তিনি টেলিফোনে বলেন, “বোমা বিস্ফোরণে অন্তত ৭২ জন নিহত এবং ১২০ জনের বেশি জখম হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
সিন্ধু পুলিশ এক বিবৃতিতে জনিয়েছে, ভক্তরা ওই মাজারে জড়ো হলে আত্মঘাতী হামলাকারী তাদের মধ্যে ঢুকে পড়ে। পরে সে বোমা বিস্ফোরণ ঘটায়। মাজারে আত্মঘাতী হামলায় বিপুল সংখ্যক মানুষের হতাহতের এই ঘটনা বিগত কয়েকবছরের মধ্যে সবচেয়ে জঘন্যতম।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম