জাপান সাগরে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে জাপান সাগরের পূর্ব অংশে উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বলে তথ্য পেয়েছে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শুরুর পর এটিই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক ও আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে, যা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। রোববারের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় কোরীয় উপদ্বীপের পশ্চিম পাশের উত্তর পিয়ঙ্গান প্রদেশের বাঙ্গিয়ুন বিমানঘাঁটি থেকে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন।
এদিকে দক্ষিণ কোরিয়া সরকার জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফের অফিস থেকে উত্তরের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘শক্তির প্রদর্শনী’ অ্যাখ্যা দেওয়া হয়েছে। বছরের শুরুতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছিলেন, তার দেশ শিগগিরই নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম