কাঁধের অস্ত্রোপচার শেষে এখন সুস্থ মুস্তাফিজুর রহমান হাসপাতালেই আছেন। শুক্রবার রাতটাও বাংলাদেশের এই তরুণ পেসারকে হাসপাতালে থাকতে হবে। লন্ডনের ক্রমওয়েল হাসপাতালের কেবিনে শুক্রবার সকালে মুস্তাফিজকে দেখেন তার কাঁধে অস্ত্রোপচার করা সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। স্থানীয় সময় দুপুর একটায় আবার তাকে দেখে বলেছেন, রাতটা হাসপাতালেই থাকতে হবে। শনিবার সকাল দশটায় আবার তিনি মুস্তাফিজকে দেখতে আসবেন।
হাসপাতালের কেবিনে বাংলাদেশের তরুণ পেসারের পাশে থাকা বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মুস্তাফিজের ব্যথা তীব্র নয়, সহনীয় পর্যায়েই রয়েছে। মুস্তাফিজ সুস্থ এবং ভালো আছেন। তাকে শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। দেবাশীষ জানান, সার্জন ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের পুনর্বাসন কর্মসূচি শুরু হয়ে গেছে।
লন্ডনে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানও নিয়মিত মুস্তাফিজের অবস্থার খোঁজ রাখছেন। বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল ইউকের এক অনুষ্ঠানে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, মুস্তাফিজের অস্ত্রোপচারের সময় তার পাশে থাকতেই মূলত তার ইংল্যান্ড আসা।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম