রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।
নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ মামলা দায়ের করা হয়।
রয়টার্স জানায়, আরসিবিসি ব্যাংক ছাড়াও ব্যাংকটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কয়েক ডজন ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি আরসিবিসি ব্যাংক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত আসে। আর ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনো উদ্ধার করা যায়নি ৬ কোটি ৬৪ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৫৫৭ কোটি টাকা।
হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল।
ওই ঘটনায় বাংলাদেশেও একটি মামলা করা হয়। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম