সৌদি আরবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চলতি সপ্তাহে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের জর্ডানসংলগ্ন সীমান্তের বিভিন্ন অংশ ভারী বর্ষণে বেশি আক্রান্ত হয়েছে। বন্যায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক শহরেই প্রাণ হারিয়েছেন ১০ জন। এছাড়া মদিনায় একজন ও উত্তরাঞ্চলীয় সীমান্ত অঞ্চলগুলোতে একজন মারা গেছেন।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রোববার থেকে বুধবার পর্যন্ত বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সব মিলিয়ে ২৭১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তাবুক থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো সরিয়ে নিয়েছে আরও ১৩৭ জনকে।
তাবুক শহরের বন্যার অবস্থা নিয়ে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে এবং রাস্তায় থাকা গাড়িগুলো পানির মধ্যে আটকে আছে।
সৌদি রাজধানী রিয়াদ ও জেদ্দা শহরে হালকা থেকে মাঝারি বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। দুর্যোগে হওয়া ক্ষতির পরিমাণ মূল্যায়ন করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম