৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। করোনা মহামারির কারণে ২০২০ সালে দিবসটি উদযাপন করতে পারেনি যুক্তরাষ্ট্রের মানুষ। তবে এবার করোনা মুক্ত হয়ে দিবসটি পালনের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।
বৃহস্পতিবার (১১ মার্চ) প্রথম প্রাইমটাইম বক্তৃতা দেন বাইডেন। ক্ষমতায় আসার ৫০ দিনের মাথায় তিনি জাতির উদ্দেশে প্রথম বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের এক বছর পূর্তির প্রেক্ষাপটে করোনা মুক্তির ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাইডেন বলেন, যদি মার্কিনিরা ভ্যাকসিন নেন, তাহলে স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্র করোনামুক্ত হতে পারে বলে তিনি আশাবাদী।
আসন্ন স্বাধীনতা দিবসে আমেরিকানদের সমাবেশ করার সুযোগ আসবে বলে মনে করেন বাইডেন। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি প্রত্যেকের একান্ত সহযোগিতা কামনা করেন।
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির বয়স ও স্বাস্থ্যগত অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল। কিন্তু এখন বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক সবাইকে ১ মের মধ্যে ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলোকে নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে, টেক্সাসসহ কিছু অঙ্গরাজ্যে স্বাস্থ্য সতর্কতার বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হচ্ছে। মাস্ক পরার নির্দেশ প্রত্যাহার করা হচ্ছে। অথচ এখনো যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনা সংক্রমণে গড়ে এক হাজার ৫০০ মানুষের মৃত্যু হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেন মহামারি মোকাবিলায় দেশবাসীর ঐক্য কামনা করেছেন। বিভেদ ভুলে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম