বিশ্বব্যাপী আশার আলো ছড়ানো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন গ্রহীতা একজন অসুস্থ হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আপাতত অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ভ্যাকসিন উৎপাদনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পার্টনার অ্যাস্ট্রাজেনেকা আশা করছে, খুব শিগগিরই ফের ট্রায়ালটি শুরু করা যাবে।
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই এর ভ্যাকসিনের খোঁজে হন্যে হয়ে ঘুরছে বিশ্ব। বিশ্বের অনেক দেশেই শুরু হয়েছে ভ্যাকসিন নিয়ে গবেষণা। এরই মধ্যে বেশকিছু দেশে ভ্যাকসিন তৈরির কাজ অনেকটা এগিয়েও গিয়েছে। তথ্য বলছে, এর মধ্যে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটিই সবচেয়ে এগিয়ে থাকা ভ্যাকসিনগুলোর মধ্যে অন্যতম।
খবর বলা হয়, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা’র করোনা ভ্যাকসিন নেওয়া একজন ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার কারণে ট্রায়াল স্থগিত করতে হলেও একে ‘রুটিন’ কার্যক্রম হিসেবে অভিহিত করেছে অ্যাস্ট্রেজেনেকা। তারা বলছে, বড় বড় ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। তবে যে ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়েছেন, তার অসুস্থতার ধরন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র এ বিষয়ে বলেন, বড় বড় ট্রায়ালের ক্ষেত্রে কেউ কেউ এমনিতেই অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে এরকম কোনো ঘটনা ঘটলে আলাদাভাবে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে। জানার চেষ্টা করা হয়, তার অসুস্থতার পেছনে ভ্যাকসিনের কোনো ভূমিকা রয়েছে কি না।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম