ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কুয়েত মৈত্রী হল সংসদের ভোটে ছাত্রলীগ প্রার্থীদের নামে সিলমারা বস্তাভর্তি ব্যালট উদ্ধারের ঘটনায় হল প্রভোস্ট শবনম জাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী সাংবাদিকদের একথা জানান।
এই হলে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মাহবুবা নাসরীন।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ছাত্রীরা বস্তাভর্তি ব্যালট উদ্ধার করে হলের গেটে চলে আসেন। তারা গণমাধ্যমের সামনে বস্তা খুলে সিলমারা ব্যালট দেখান এবং বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু না করে প্রশাসনের সহযোগিতায় ব্যালটে সিল মারে ছাত্রলীগ।
নাসিমা রহমান নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, ভোটের শুরুতে খালি ব্যালট বাক্স দাবি করলেও প্রশাসন দেখাতে রাজি হয়নি। এতে শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে পাশের রিডিং রুম থেকে সিলমারা ব্যালটের এসব বস্তা উদ্ধার করা হয়।
প্রক্টর বলেন, “এটা অপ্রত্যাশিত। এটা ন্যক্কারজনক। আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসেছি। সত্যতা পেয়ে আমরা ভোট শুরুই করিনি। তবে ভোট স্থগিত করা হয়নি।”
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম