শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রবিবার আত্মঘাতী এ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১, আহতের সংখ্যা পাঁচ শতাধিক।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার আইএস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দাবি করে, তারাই এ হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করেনি।
নাম প্রকাশ না করে একটি নিরাপত্তা সূত্রে আমাক নিউজ এক টুইটার বার্তায় জানায়, ইসলামিক স্টেটের যোদ্ধারা এ হামলা চালিয়েছে।
এর আগে সোমবার জামাত আল-তাওহীদ আল-ওয়াতানিয়া নামের একটি ইসলামিক গোষ্ঠী এই ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করে। দুবাইভিত্তিক আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা এ খবর দেয়।
এদিকে স্থানীয় মুসলিম সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে)-কে নৃশংস এ হামলার জন্য দায়ী করে আসছে শ্রীলঙ্কা সরকার। সেইসঙ্গে ‘আন্তর্জাতিক সংশ্লিষ্টতা’ আছে বলেও দাবি করে।
হামলায় আন্তর্জাতিক সংশ্লিষ্টতা খুঁজতে তদন্তে নেমেছে ইন্টারপোল। আইএস ছাড়াও জামায়াত-উল-মুজাহিদিন নামে আরেকটি ইসলামি জঙ্গি সংগঠনের প্রতি নজর রেখেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি।
বিবিসি জানায়, এখন পর্যন্ত সন্দেহভাজন ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়েছে সিরিয়ার একজন নাগরিককেও।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম