ক্রাইস্টচার্চের দুই মসজিদে বন্দুক হামলাকারী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট (২৮) তার অপরাধ স্বীকার করেননি। ট্যারেন্ট ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের অভিযোগ অভিযুক্ত। হাইকোর্ট জাস্টিস ক্যামেরুন ম্যান্ডার জানিয়েছেন, আগামী বছরের ৪ মে মামলার পরবর্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে। তবে ১৬ আগস্ট হবে রিভিউ শুনানি। সে পর্যন্ত ট্যারেন্ট রিমান্ডে থাকবেন। খবর দ্য গার্ডিয়ানের।
অকল্যান্ডের সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকে শুক্রবার (১৪ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্যারেন্ট ক্রাইস্টচার্চের হাইকোর্টে হাজিরা দেন। বড় পর্দায় আদালতের দর্শনার্থীরা তাকে দেখতে পান। এদিন ট্যারেন্টের পরনে ছিল কয়েদি পোশাক। তাকে ঘিরে ছিল তিন জন নিরাপত্তা অফিসার।
ট্যারেন্টের আইনজীবী শেন টেইট অপরাধ স্বীকারের বিষয়ে জানতে চাইলে হামলাকারী ট্যারেন্ট তাতে অস্বীকৃতি জানান। তিনি কোনো অভিযোগই স্বীকার করেননি।
১৪০ জনের মতো শুনানিতে উপস্থিত ছিলেন। ট্যারেন্ট অপরাধ মেনে না নিলে সবার মধ্যে দীর্ঘশ্বাস ও হতাশা দেখা যায়। ট্যারেন্টের বন্দুক হামলায় নিহত হুসাইন আল-উমারির স্বজন জানা ইজাত কান্নাজড়িত কণ্ঠে বলেন, কেন সে আমাদের সঙ্গে খেলছে। বলছে সে অপরাধ করেনি!
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে হামলার পর গ্রেফতার ট্যারেন্টকে এবার তৃতীয়বারের মতো আদালতে আনুষ্ঠানিকভাবে হাজির করা হয়। সর্বশেষ গত ৪ এপ্রিল ট্যারেন্টের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছিল।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম