এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল রেড নোটিশটি জারি করে।
এআইজি সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় নথিসহ ইন্টারপোল সদর দফতরে আবেদন পাঠায়। নথি যাচাই-বাছাইয়ের পর ইন্টারপোল রেড অ্যালার্টটি অনুমোদন করে।
ইন্টারপোলের কেন্দ্রীয় ওয়েবসাইটে রেড অ্যালার্টটি প্রকাশের পাশাপাশি তা সারাবিশ্বে বিভিন্ন দেশে ইন্টারপোলের শাখাগুলোতে পাঠানো হয়েছে।
রেড অ্যালার্টটি আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে।
উল্লেখ্য, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে পি কে হালদারের বিরুদ্ধে। বর্তমানে তিনি বিদেশে আত্মগোপনে আছেন।
বিদেশে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২১ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম