বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে মার্চের শেষ সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০-৩১ মার্চ সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে আগ্রহী জাপান। ২০১৯ সালের মে মাসের শেষ দিকে জাপানে অনুষ্ঠিত নিক্কে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সে সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দেশটির আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ওডিএ সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২০ সালেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চায় জাপান। তাই বিখ্যাত সাকুরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান সফরের আমন্ত্রণ জানায় দেশটি।
গত বছরের মে মাসের শেষ দিকে নিক্কের উদ্যোগে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। এ অর্থ দিয়ে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, মাস র্যাপিড ট্রানজিট-এমআরটিসহ মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এটি বাংলাদেশের পাওয়া এক বছরে সবচেয়ে বড় অর্থ সহযোগিতা।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম