ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার হৃদ্রোগ ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়ার পর তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেল সুপার) মাহাবুবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টার দিকে সম্রাটকে কারাগারে আনা হয়েছে। তাকে সাধারণ ওয়ার্ডে কয়েদি হিসেবে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করলে সম্রাটকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়।
ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে সম্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সেদিনই তাকে পাঠিয়ে দেওয়া হয় কেরানীগঞ্জের কারাগারে।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই যুবলীগের প্রভাবশালী নেতা সম্রাটের নাম ঘুরেফিরে আসছিল। গত ৫ অক্টোবর গভীর রাতে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব।
পরে সম্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রায় পাঁচ ঘণ্টা অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানায় র্যাব।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম