মেজর (অব) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় রামু থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন শিপ্রা দেবনাথ। আজ রোববার রামুতে সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন মঞ্জুর করা হয়।
গত ৩১ জুলাই কক্সবাজারের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো রাশেদ খান। ওই ঘটনায় টেকনাফ থানায় একটি ও রামু থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছিলেন। রামু থানার মামলায় আসামি করা হয়েছিল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে।
শিপ্রা দেবনাথকে আইন ও সালিশকেন্দ্র আইনি সহযোগিতা দিচ্ছে।
শিপ্রার পক্ষে আইনজীবী অরূপ বড়ুয়া বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে তাঁরা আদালতে জামিন আবেদন করেন। তাঁরা আদালতকে বলেন, শিপ্রা আসামি নন, তিনি ঘটনার শিকার হয়েছেন। মেজর (অব) সিনহা মো রাশেদ খান হত্যার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ একটি বানোয়াট মামলা করেছে। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন। আদালত শিপ্রাকে জামিন দেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম