শ্রীলংকায় ইস্টার সানডেতে গির্জা ও হোটেলসহ বিভিন্ন জায়গায় হওয়া আট বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে। এছাড়া আহত চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৪৫০ জন। এসব ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে গির্জায় প্রার্থনারত মানুষ ও অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় বোমা হামলা চালানো হয়েছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি রয়েছেন।
হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছিল কারফিউ। তবে তা সোমবার (২২ এপ্রিল) তুলে নেওয়া হয়েছে। এছাড়া, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান সব সামাজিক যোগাযোগ মাধ্যম।
এদিকে, শ্রীলংকা পুলিশ জানিয়েছে, রোববার দিনের শেষের দিকে রাজধানী কলম্বোর প্রধান বিমানবন্দরের নিকটে একটি পাইপ বোমা নিষ্ক্রিয় করেছে দেশটির বিমানবাহিনী। ধারণা করা হয়, এই বোমাটি দিয়ে নবম হামলার পরিকল্পনা ছিল হামলাকারীদের।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম