হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে ওয়াল্টার রিড হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। স্থানীয় সময় সোমবার সাড়ে ৬টার দিকে প্রেসিডেন্টের জন্য ব্যবহৃত মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। খুব শিগগিরই নির্বাচনি প্রচারণায় ফেরার আশা ব্যক্ত করেছেন ট্রাম্প।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘খুব ভালো অনুভব করছি। কোভিড নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের জীবনে এই ভাইরাসকে আধিপত্য বিস্তার করতে দেবেন না।’
যদিও শুধু সংক্রমণই নয়, মৃত্যুর দিক থেকেও যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। করোনায় দেশের এমন বিপর্যয় এবং নিজেও করোনায় আক্রান্ত হওয়ার পরও এই পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। বরং, তার কাছে আসন্ন নির্বাচনই বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে সোমবার হাসপাতাল ছাড়ার আগেই সমর্থকদের উদ্দেশে তার ঝটিকা সফর নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।
সমর্থকদের শুভেচ্ছা জানাতে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িবহর নিয়ে ঝটিকা মোটর শোভাযাত্রা করেছেন এই প্রেসিডেন্ট। মাস্ক পরে মার্কিন এই প্রেসিডেন্ট কালো রঙের এসইউভি গাড়িতে চেপে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। একই গাড়িতে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরাও ছিলেন; এখন উদ্বেগ তৈরি হয়েছে এই কর্মকর্তারা করোনা আক্রান্তের ঝুঁকিতে পড়লেন কিনা সেটি নিয়ে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম