মহামারির উচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণ নাগরিকদের ‘ব্যয়যোগ্য’ হিসেবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি প্রবীণ নিবাস কেন্দ্রে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গত মঙ্গলবার ট্রাম্পের এ সমালোচনা করেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। খবর: বিবিসি ও রয়টার্স।
প্রবীণ ভোটারদের উদ্দেশে বাইডেন বলেন, আপনারা ব্যয়যোগ্য, আপনারা বিস্মরণযোগ্য, আসলে আপনারা কেউ নন। প্রেসিডেন্ট ট্রাম্প প্রবীণদের এভাবেই দেখেন। এভাবেই তিনি আপনাদের দেখেন।
মহামারি মোকাবিলার কৌশল নিয়ে মার্কিন এ দুই প্রেসিডেন্ট প্রার্থীর মাঝে নীতিগত পার্থক্য রয়েছে। গত সোমবার পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠে এখন নিজেকে সুপারম্যানের মতো বোধ করছি।
গত ১ অক্টোবর মার্কিন এ প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হন। তিন রাত হাসপাতালে কাটানোর পর চিকিৎসকরা নির্বাচনী প্রচারণায় ফেরার অনুমতি দেন তাকে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর গত সোমবার ফ্লোরিডায় প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ ভোট পাওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে মনে করা হয় ফ্লোরিডা এবং পেনসিলভানিয়াকে। নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময়ের আগে এক জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে। রিয়েল ক্লিয়ার পলিটিকসের এক জনমত জরিপ বলছে, ফ্লোরিডায় ডেমোক্র্যাট শিবির তিন দশমিক সাত শতাংশ পয়েন্টের ব্যবধানে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে আছে।
২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় প্রবীণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চলতি বছরের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্প শিবির ধাক্কা খেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম