ফাঁস হয়ে গেল ‘বাহুবলী দ্য কলক্লুশান’-এর ট্রেলর। ২০১৫-এ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘বাহুবলী’ ছবিটি। ঠিক একই ভাবে এর সিক্যুয়েল নিয়েও উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবিটির। কিন্তু তার আগেই ফাঁস হল ট্রেলর। জানা যায়, আজ, বৃহস্পতিবার সকালেই ট্রেলর যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে তা বুঝতে পারেন ‘বাহুবলী দ্য কলক্লুশান’-এর সদস্যরা। আজ বিকেলেই মুম্বাইতে ট্রেলর লঞ্চ হওয়ার কথা ছিল। তার আগেই ৩০০টি দৃশ্য নিয়ে তৈরি ট্রেলর ফাঁস হয়েছে বলে দাবি টিমের। কোথা থেকে, কী ভাবে এটা হল তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে আজ সকালেই পরিচালক এস এস রাজামৌলির টুইটারে শেয়ার হয়েছে ‘বাহুবলী ২’-এর নতুন ট্রেলর। তা হলে কি পরিচালকের টুইটার হ্যান্ডেল হ্যাক হয়েছে? নাকি প্রচারের উদ্দেশ্যে টিম ‘বাহুবলী’ ফাঁস হয়ে যাওয়ার গল্প ফেঁদেছে? প্রশ্নটা উঠছে ইন্ডাস্ট্রিতে।
গত জানুয়ারিতেই এই ছবির কিছু দৃশ্য ফাঁস হয়ে যায়। তখন ‘বাহুবলী দ্য কলক্লুশান’-এর পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও অভিযোগ দায়ের হয়নি। আজ বিকেলে ‘বাহুবলী দ্য কলক্লুশান’-এর তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম