পৃথিবী থেকে মঙ্গলকে লাল মনে হয়। কিন্তু নাসার কিউরিসিটি রোভার গ্রহটির কিছু ছবি তুলেছে যেখানে এই পর্বতসঙ্কুল গ্রহটিতে কিছু গোলাপি রংয়ের পাথরখণ্ড দেখা যাচ্ছে। এই অসাধারণ ছবিটি মঙ্গলের মাউন্ট শার্প বেইসের কাছাকাছি একটি জায়গার। তিনটি ফ্রেমে এই ছবিটি নিয়েছে কিউরিসিটির মাস্ট ক্যামেরা। গত ১০ নভেম্বর ছবিটি তোলা হয়েছিল।
নাসার এক কর্মকর্তা জানান, ‘মাউন্ট শার্পের কাছাকাছি অবস্থিত এই পাথরখণ্ডগুলোর ভিন্ন রংয়ের মানে হচ্ছে সেখানে পাথরের গঠনের ভিন্নতা রয়েছে। নাসার বিশেষজ্ঞ দল মনে করেন তারা সেখানে হেমাটাইট পেতে পারেন। এই আয়রন-অক্সাইড খনিজটি দেখে বোঝা যাচ্ছে মঙ্গলের সেসব পাথরগুলো ধূলাবালি থেকে মুক্ত। ধূলাবালি থাকলে পাথরের রং পাল্টে যেত।’ মঙ্গলপৃষ্ঠের ভূ-ভাগও গবেষণা করে বিজ্ঞানীরা বুঝতে পারবেন সেখানে কি প্রাণের উপযোগী পরিবেশ আছে কিনা। ২০১২ সালে নাসার সেই কিউরিসিটি রোভার এমন কিছু প্রমাণ পায় যা মঙ্গলে ক্ষুদ্র অনুজীবের অস্তিত্ব থাকার ব্যাপারে যুক্তি জোরদার করে।
তথ্যসূত্র: ফক্স নিউজ
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম