দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় এ মামলাটি করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘দৈনিক সংগ্রামের সম্পাদকের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর হাতিরঝিলে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র ব্যানারে কয়েকজন যুবক।
সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এ সময় তারা পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান।
এ অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। সে সময় পুলিশ জানায়, আবুল আসাদকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, কার্যালয়ের ভেতরে বিক্ষুব্ধরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন পত্রিকাটির সংবাদিকরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম