গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ স্টুডিওতে কাজ করা অবস্থায় রবিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি, পরে ভোর চারটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পৃথ্বীরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাজধানীর সিটি হাসপাতাল।
হাসপাতালটির ডিউটি অফিসার সাজেদুল বলেন, রাত তিনটার দিকে পৃথ্বীরাজকে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান পৃথ্বীরাজ। রাত প্রায় সাড়ে ১২টা পর্যন্ত তার স্ত্রী কয়েকবার ফোন করেন। তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা স্টুডিওতে যান। পরে দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকার এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন পৃথ্বীরাজ। গান শেখেন পণ্ডিত অজয় চক্রবর্তী ও আচার্য জয়ন্ত বোসের কাছে। এক দশক আগে পরপর বেশ কিছু গান উপহার দিয়ে পরিচিতি পান পৃথ্বীরাজ। শাস্ত্রীয় সংগীতে তার বেশ ভালো দখল ছিল।
সম্প্রতি তার সংগীত পরিচালনায় রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ আলোচনার আসে। পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কর্মরত ছিলেন। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে কাজ করছিলেন সম্প্রতি।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম