সম্প্রতি জাপানে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে শাহাবুদ্দিন আহমদকে নিয়োগ দিয়েছে সরকার। জাপান গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে আজ মঙ্গলবার কাজে যোগ দিয়েছেন তিনি।
টোকিওতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপান সরকারের আইন মোতাবেক ১৪ দিন কোয়ারেন্টিন অতিবাহিত হওয়ার পর রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ আজ সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজকর্ম শুরু করেন। তিনি গত ১১ সেপ্টেম্বর সরকারি নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব নেন। আজ টোকিও মিশনের সহকর্মীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সেখানে তিনি কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতি ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নে অধিকতর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা এবং দেশের সমৃদ্ধি প্রত্যাশা করেও দোয়া করা হয়।
রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র এবং দুদেশের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পরপরই ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
তিনি বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়ন, দেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণ, শ্রম বাজারের প্রসার এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Nihon Bangla | Japan Bangladesh News Portal জাপান প্রবাসীদের নিত্য সঙ্গী Nihon Bangla | Japan Bangladesh News Portal একটি সাধারন মাধ্যম